মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১১-১১-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় রাতে নিজ বাড়িতে গরু জবাই করে সকালে বাজারে বিক্রির অভিযোগে কাজল আলী নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুুপুরে অভিযোগ পেয়ে আলমডাঙ্গা বাজারের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মাংস ব্যবসায়ী কাজল আলী তার বাড়িতে গভীর রাতে একটি গরু জবাই করে সকালে বাজারে এনে মাংস বিক্রি করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মাংস ব্যবসায়ী কাজল আলীকে ২০১১’র ৩ ধারার ২৪(১) এর অধীনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাংস ব্যবসায়ী কাজল আলী বলেন,তিনি আলমডাঙ্গা মাংস বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। তার বাড়িতে সবসময় কিছু গরু থাকে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে একশ কেজি ওজনের একটি গরু ঘাস খাওয়ার সময় তা শ^াসনালীতে ঢুকে পড়ে। এতে গরুটি অসুস্থ হয়ে পড়ে। রাত গভীর হওয়ায় কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে ওই অসুস্থ গরু জবাইখানায় নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল। তিনি প্রতিবেশীদের পরামর্শে গরুটি জবাই করেন। গরুটির মাংস সম্পূর্ণ হালাল বলেও তিনি দাবি করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা ও কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
কমেন্ট বক্স