গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ চোরের ফোন!
- আপলোড তারিখঃ
১১-১১-২০২২
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার দেহাটিতে গত বুধবার বাইসাইকেল চুরি করে জনগণের হাতে ধরা পড়েন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার বাসিন্দা নয়ন সরকার। তবে গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন করে নয়ন বলেন, ৪-৫ জন তাঁর বাইসাইকেল কেড়ে নিচ্ছে। তিনি খুব বিপদে আছেন। শাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নয়নকে উদ্ধার করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে চোর নিজেই সাইকেল চুরি করেছে বলে স্বীকার করেন। পরবর্তীতে পুলিশ তাঁকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করে।
জীবননগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নয়ন সরকার নামের এক ব্যক্তি সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে জানান কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তার বাইসাইকেল কেড়ে নিচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে বাইসাইকেল চোর নিজেই ৯৯৯ এ কল করেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে তিনি দর্শনা থানার বাসিন্দা আশাদুলের বাইসাইকেল চুরি করেছেন বলে স্বীকার করেন। আমরা তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি নয়ন সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। এর মধ্যে কোটচাঁদপুর থানায় চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আশাদুল চুরির ঘটনায় কোনো মামলা না করায় নয়নকে কোটচাঁদপুর থানায় হস্তান্ত করা হবে।’
এবিষয়ে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘বাইসাইকেল চুরির ঘটনায় নয়নকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানার চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই নয়নকে কোটচাঁদপুর থানায় হস্তান্ত করা হবে।’
কমেন্ট বক্স