কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
- আপলোড তারিখঃ
০৬-১১-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। দামুড়হুদা মডেল থানা পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে গতকাল শনিবার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আলমগীর রাসেল সভাপতি ও মোস্তাফিজ কচি সাধারণ সম্পদক নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ৭৭০ জন। এর মধ্যে ৭২৮ জন ভোটার তাঁদের ভোট প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে গণনায় আলমগীর রাসেল ৩৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী আজিবার রহমান সিজার পেয়েছেন ৩৪৬ ভোট। সভাপতি পদে বাতিল হয় ৯টি ভোট। মোস্তাফিজ কচি সাধারণ সম্পাদক পদে ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী নাজমুল সালেহীন মই প্রতিকে ৩৪৬ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সম্পাদক পদে আবুল কালাম মোরগ প্রতিকে পেয়েছেন ৫০৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে তুহিন আক্তার প্রজাপতি মার্কা ৪১৪ ভোট, কোষাধ্যক্ষ পদে আজিবার রহমান ফুটবল প্রতিকে ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কার্পাসডাঙ্গা ডিএস মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক জি. ইউসুফ, সহকারী কমিশনার হিসেবে ছিলেন আশরাফুল হক, আ. সালাম বিশ্বাস, হাজি ফজলুল হক, কামরুজ্জামান রানা ও আতিয়ার রহমান, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আক্তার। আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমান জুয়েলের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য, নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৫টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ১২টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে খুরশীদ আলম ও রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন, সাধারণ সদস্য পদে জিয়াউর রহমান, সাইফুল্লাহ আল মামুন, লালন মিয়া, আ. সামাদ, আ. আলীম, জামাত আলী, রিপন মিয়া ও হেলাল উদ্দীন।
কমেন্ট বক্স