ঝিনাইদহে চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন
- আপলোড তারিখঃ
২৫-১০-২০২২
ইং
ঝিনাইদহ অফিস: চাকরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম পুলিশ সদস্যারা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ৬ উপজেলা থেকে আসা গ্রাম পুলিশের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নামমাত্র বেতনে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি জানান। পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।
কমেন্ট বক্স