ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষগুলো ঠান্ডা উপেক্ষা করে কাজে আসছেন। শীত থেকে রক্ষা পেতে মানুষ আগুন জ্বালিয়ে উঞ্চতা নিচ্ছেন। সব ধরণের যানবহন ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আকাশ মেঘলা কেটে যাওয়ার পর চুয়াডাঙ্গায় গত সোমবার সন্ধ্যা থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। রাতে আকাশ ঘন কুয়াশাচ্ছন্ন হয়। গতকাল মঙ্গলবার ভোরে কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হয় জনজীবনে। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। খেটে খাওয়া মানুষগুলোকে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে শীতের কারণে। বেলা বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে।
চুয়াডাঙ্গা মাঝের পাড়ার দিনমজুর আমির আলী বলেন, বাইরে বের হতে কষ্ট হচ্ছে। কিন্তু কাজ তো করতেই হবে। তাই শীতের মধ্যেও আমাদের শান্তি নেই। দিনমজুর রফিক মিয়া বলেন, চুয়াডাঙ্গাতে এমনিতেই শীত বেশি। তবে আমাদের মতো দিনমজুরদের কি শীত আর কি গরম। যাইহোক, শীতকালে তো শীত পড়বেই।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা সামাদুল হক বলেন, বেশ কয়েকদিন চুয়াডাঙ্গার আকাশ মেঘলা ছিল। ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইছে। তাপমাত্রা হ্রাস পাবে। শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সমীকরণ প্রতিবেদন