দামুড়হুদার চার ইউপি নির্বাচন : প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ
- আপলোড তারিখঃ
১০-১১-২০২১
ইং
রাত পোহালে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সারা দেশের ৮৪৮ ইউপির সঙ্গে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ইতঃমধ্যে গতকাল মধ্যরাতে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণাও শেষ হয়েছে। ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় নির্বাচন বিশ্লেষকরা বলছেন, বিএনপি এ নির্বাচনে প্রার্থী দেয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগ চেয়ারম্যান পদে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছে। একই দলের স্বতন্ত্রভাবে মাঠে রয়েছেন একাধিক প্রার্থী। সবাই প্রভাবশালী হওয়ায় কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এর কারণে প্রতিনিয়ত ঘটছে ক্ষমতার লড়াই।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি ও জুড়ানপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৬ জন। দামুড়হুদা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৭৫১ জন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৮১ ও নারী ১৬ হাজার ১৭০ জন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯১৬ জন। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৪৪ ও নারী ১৮ হাজার ১৭২ জন। কুড়ুলগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৯৪২ ও নারী ১১ হাজার ৬৫৪ জন। জুড়ানপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৩ হাজার।
চেয়ারম্যান প্রার্থী:
দামুড়হুদা সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) হযরত আলী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির (আনারস), জেলা আইন ও মানবাধিকারের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজি (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল আলম মিল্টন (মোটরসাইকেল)।
কার্পাসডাঙ্গা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খলিলুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দামুড়হুদা থানা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক (চশমা), কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম (আনারস) ও আব্দুল কাদির (হাতপাখা)।
জুড়ানপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন (নৌকা), জাকের পার্টি মনোনীত প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সজীব মাহমুদ (হাতপাখা) স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল)।
কুড়ুলগাছি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাফিউদ্দীন টুটুল (নৌকা), জাকের পার্টি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান গোলাপ ফুল, স্বতন্ত্র প্রার্থী সরফরাজ উদ্দীন (আনারস) ও কামাল উদ্দীন (মোটরসাইকেল)। এছাড়াও চারটি ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মোট ৫৪ জন ও সাধারণ সদস্য পদে ১৭২ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী। শঙ্কা ছাড়াই ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ওই কর্মকর্তা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ইউপি নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে পুলিশ। ভোটারদের নিরাপত্তাসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নেওয়ার জন্য পুলিশের সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়া ভোটের দিন ও ভোট পরবর্তী সময়ে তারা সার্বিক নিরাপত্তায় থাকবেন।
কমেন্ট বক্স