শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালি শরীরে নারীদের করোনার টিকা দিয়ে আলোচনায় ইপিআই কর্মী

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২১ ইং
খালি শরীরে নারীদের করোনার টিকা দিয়ে আলোচনায় ইপিআই কর্মী
ঝিনাইদহ অফিস: উদোম ঘমার্ক্ত শরীর। পরনে শুধু প্যান্ট। মাঝে মধ্যে চেয়ারে বসে ধুমপান। আর এভাবে নারীদের শরীরে দেওয়া হচ্ছে করোনার টিকা। গতকাল রোববার দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। টিকাদান কেন্দ্রে নারী-পুরুষের কোনো আলাদা বুথ নেই। এসময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রদান করে চলেছেন। উদোম শরীরে টিকা দেওয়ায় অনেক নারী বিব্রতকর অবস্থায় পড়েন। টিকা দেওয়া শেষে অনেক নারীর বলতে শোনা যায় সরকারি হাসপাতালে এভাবে খালি শরীরে টিকা দেওয়া এর আগে কখনো দেখিনি। এর আগে শহিদুল ইসলাম টিকাকেন্দ্রে একটি চেয়ারে বসেই সিগারেট ধরিয়ে ধুমপান করেন। এসময় তাঁর পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাসপাতালের কর্মচারীরা জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম খালি গায়ে টিকা প্রদান করেন। টিকা দিতে আসা রিওন হোসেন জানান, ‘একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি শরীরে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও নারীদের করোনার টিকা প্রদান ও টিকাকেন্দ্রে বসেই ধুমপান করছেন।’ টিকা নিতে স্বপ্না খাতুন নামের এক নারী জানান, ‘আমাকে খালি গায়ে এক ব্যক্তি টিকা প্রদান করেছেন। এটা আমার জন্য ছিল অস্বস্তিকর একটা ঘটনা।’ রিতা রানী নামের আরেক নারী জানান, সরকারি হাসপাতালে নগ্ন শরীরে দায়িত্ব পালন এই প্রথম দেখলাম। এমন খালি শরীরে টিকা প্রদান করার বিধান যদি না থাকে, তাহলে উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ। খালি গায়ে টিকা দেওয়ার কারণ ব্যাখা করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তিনি খুলে রোদে রেখেছিলেন। এজন্য খালি গায়ে টিকা প্রদান করেছেন। তিনি আরও বলেন, যখন চাপ কম ছিল, তখন একটু দূরে বসে সিগারেট ধরিয়ে ধুমপান করছিলাম। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুন কুমার বলেন, খালি গায়ে বিশেষ করে নারীদের মাঝে দায়িত্ব পালন করার কোনো নিয়ম নেই। তা ছাড়া পাবলিক স্থানে ধুমপান করার কোনো বিধানও নাই। চাকরিবিধি অনুযায়ী যদি তিনি কোনো অবহেলা করে থাকেন, তিনি ব্যবস্থা নিবেন।


কমেন্ট বক্স
notebook

বিভিন্ন বিলে জাল-ফাঁদ, বিপন্ন পাখির নিরাপদ আশ্রয়