রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দ্রুত স্কুল-কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে-প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২১ ইং
দ্রুত স্কুল-কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে-প্রধানমন্ত্রী
সমীকরণ প্রতিবেদন: দ্রুত স্কুল-কলেজ খোলার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতোমধ্যে শিক্ষকদের টিকা দেয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদের যেন টিকা দেয়া হয় সে ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে শোকপ্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে ওই শোকপ্রস্তাব আনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে আলোচনায় আরো অংশ নেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল আজিজ ও বিএনপিদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুলের ছেলেমেয়েদের টিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মেনেই টিকা দেয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজার টিকা ইতোমধ্যে এসে পৌঁছেছে, আরো পৌঁছাবে। মডার্নার জন্য চেষ্টা করে যাচ্ছি। তা ছাড়া অন্যান্য টিকাও আসছে। ইতোমধ্যে টাকাও পাঠিয়ে দেয়া হয়েছে। ছয় কোটি টিকার টাকা পাঠিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে টিকা আসতে থাকবে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনা থেকে ভালো হওয়ার পরো নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়। এ জন্য সবাইকে নিজের ভালো নিজেকে বুঝে চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি, কখনো করোনা একেবারেই কমে যাচ্ছে, আবার নতুনভাবে নতুন শক্তিতে এই ভাইরাস আসছে। তিনি আরো বলেন, টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতভাবে হোক আমরা টিকা নিয়ে আসছি। স্বাস্থ্যকর্মীসহ তাদের বাড়ির কাজের মানুষ, গাড়িচালক ও পরিবারের সদস্য, সবাই যেন টিকা পায় সেই ব্যবস্থাটাও নিচ্ছি। যাতে করে কোনোভাবে সংক্রমণ না হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার করে যাচ্ছি। অনেকের বক্তব্য, অনেক কিছুই বলেন। কিন্তু বাস্তবচিত্রটা যদি দেখেন ও অন্য দেশের সাথে যদি তুলনা করেন; আমাদের এই ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গায় এটা নিয়ন্ত্রণে আমরা যেভাবে ব্যবস্থা নিয়েছি অনেক উন্নত দেশও নিতে পারেনি। এটা হলো বাস্তবতা। আমাদের প্রচেষ্টা সব সময় আছে। করোনার প্রকোপ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন ডেঙ্গুর প্রকোপও বেড়ে যাওয়ায় সবাইকে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার প্রসঙ্গ টেনে সংসদ নেতা বলেন, কোনো আপনজন ছাড়া বাইরের কারো থেকে যদি কিডনি নিয়ে ট্রান্সপ্ল্যান্ট করানো হয়, তা শরীর সাধারণত গ্রহণ করে না। এ জন্য অনেকেই টিকতে পারে না। অনেকেই এভাবে ট্রান্সপ্ল্যান্ট করায় কিন্তু এটা বেশি দিন টিকে না। যদি আপন ভাই বোন হয়... আর অনেক নিয়ম মেনে চলতে হয়। তিনি বলেন, কর্মীবান্ধব নেতা ছিলেন হাসিবুর রহমান স্বপন। মানুষের জন্য কাজ করার আন্তরিকতা তার ছিল। তার এই মৃত্যু দেশের জন্য ক্ষতি। এই সংসদে বেশ কয়েকজন সদস্যকে হারাতে হয়েছে। বারবার শোক প্রস্তাব নিতে হচ্ছে, এটা নিয়ে বলার ভাষা নেই। ভারতে চিকিৎসাধীন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার জন্যও সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আলোচনা শেষে সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। পরে হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের ওই সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের বৈঠক মুলতবি করা হয়। অধিবেশন আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আবার বসবে।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ