রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদায়ের ক্ষণে অশ্রুসিক্ত শিক্ষক-শিক্ষার্থী

স্মৃতির পাতায় অমলিন চার শিক্ষক
  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২৬ ইং
বিদায়ের ক্ষণে অশ্রুসিক্ত শিক্ষক-শিক্ষার্থী


শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার এক মহান দায়িত্ব। শ্রেণিকক্ষের পাঠদান, শাসন, স্নেহ আর ভালোবাসার মধ্যদিয়ে একজন শিক্ষক শিক্ষার্থীদের জীবনে হয়ে ওঠেন আলোকবর্তিকা। সময়ের পরিক্রমায় কর্মজীবনের ইতি ঘটলেও শিক্ষার্থীদের হৃদয়ে থেকে যায় তাঁদের শেখানো পাঠ, আদর্শ আর অসংখ্য স্মৃতি। তেমনই চার প্রিয় শিক্ষকের বিদায়বেলায় আবেগে আপ্লুত হয়ে উঠল শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা।


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় জমকালো আয়োজনে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে ছুটে আসেন বিভিন্ন পেশায় কর্মরত সাবেক ছাত্ররা। তাঁদের উপস্থিতি আর স্মৃতিচারণে পুরো আয়োজন পরিণত হয় আবেগঘন এক মিলনমেলায়।


কেউ স্মরণ করেন শৈশবের সেই শাসনের দিনগুলো, কেউ তুলে ধরেন শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনার কথা। যে শিক্ষকদের হাত ধরে একদিন অক্ষরজ্ঞান ও জীবনের পাঠ নিয়েছিলেন, আজ তাঁদের বিদায় জানাতে এসে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।


মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম এবং মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা আবুল কাশেম।


বিদায়ী সংবর্ধনা পাওয়া চার শিক্ষক হলেন- মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা তাজুল ইসলাম, সহ-সুপার আব্দুল মান্নান এবং সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম ও আব্দুল আজিজ।


অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে শিক্ষকদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁরা। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষকরা।


বক্তব্য দিতে গিয়ে নিজেদের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন তাঁরা। যে প্রতিষ্ঠানের আঙিনায় জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন, যেখানকার প্রতিটি শ্রেণিকক্ষ, মাঠ আর শিক্ষার্থীদের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য স্মৃতি- সেই প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায়ের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি কেউ কেউ। তাঁদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো আয়োজনের পরিবেশ।


দিন শেষে বিদায় সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষ হলেও শিক্ষক-শিক্ষার্থীর ভালোবাসার বন্ধন যেন নতুন করে প্রকাশ পেল এ আয়োজনে। কর্মজীবনের ব্যস্ততায় হয়তো প্রতিদিন দেখা হবে না, আর শ্রেণিকক্ষে আগের মতো শোনা যাবে না তাঁদের কণ্ঠস্বর। তবু মাধবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীর স্মৃতিতে চার শিক্ষকের অবদান ও ভালোবাসা থেকে যাবে আজীবন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বিএনপি নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে