চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০২০
ইং
নদীতে ইঞ্জিনচালিত নৌকায় উচ্চস্বরে বক্স বাজিয়ে গণউপদ্রব
নিজস্ব প্রতিবেদক:
নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করায় এবার ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড প্রদানসহ জব্দ করা হয়েছে তিনটি সাউন্ড বক্স। একই সঙ্গে পিকনিক করা প্রত্যেককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভাধীন পশুহাটপাড়া শ্মশান ঘাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে অশালীন গান বাজিয়ে পিকনিক করছে অনেকে। এতে নদীর দুই ধারের মানুষ প্রচুর বিরক্তেবোধ করছিলেন। প্রতিদিনই এরুপ ইঞ্জিনচালিত নৌকায় পিকনিকের সংখ্যা বাড়ছে। এতে আরও বেশি বিরক্ত হচ্ছেন সাধারণ মানুষেরা। সে জন্য প্রশাসনের নিকটও জানিয়েছেন অনেক ভুক্তভোগী। বিষয়টি নজরে নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইঞ্জিনচালিত নৌকায় বাদ্যযন্ত্র বাজিয়ে নৌকা ভ্রমণের মাধ্যমে গণউপদ্রব করায় ভ্রাম্যমাণ আদালতে হাটকালুগঞ্জের মৃত মকছেদ আলীর ছেলে রমজান (৬০) ও ইসলামপাড়ার মৃত বিশারত আলী মণ্ডলের ছেলে মিণ্টুকে (৪০) দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তিনটি সাউন্ড বক্সসহ দুটি সাউন্ড সিস্টেম মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী। নিরাপত্তার দায়িত্বে চিলেন চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক গোপাল চন্দ্র মণ্ডল ও তাঁর সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স