ঝিনাইদহে ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন- স্থানীয় ইয়াফাত ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ এবং নলডাঙ্গা গ্রামের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা বিচারাধীন ছিল। ওই মামলাতেই তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহ অফিস