চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
০৩-০৯-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক/আন্দুলবাড়িয়া প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা গেছে, অভিযানে আন্দুলবাড়ীয়ার মেসার্স শাপলা ফুডস বেকারিকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি) লঙ্ঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটির পরিবেশ ঠিক করার জন্য ৩দিন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। অপর একটি অভিযানে ডুমুরিয়া এলাকায় মেসার্স ভাই ভাই স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান। নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স