বাড়াদিতে আ.লীগ নেতা আব্দুর রাজ্জাকের ইন্তেকাল
- আপলোড তারিখঃ
১৯-০৮-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার ভোর ছয়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদি গ্রামের মৃত আতব আলীর ছেলে বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। গত সোমবার ভোর ছয়টার দিকে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল হক লাল্টু, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। মরহুম আব্দুর রাজ্জাকের আত্মার শান্তির কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন তাঁর পরিবারের লোকজন।
এদিকে, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। শোক বিবৃতিতে তিনি বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারাল।’ শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কমেন্ট বক্স