আলমডাঙ্গায় পাখিভ্যান চুরি করে পালানোর সময় চোর আটক
- আপলোড তারিখঃ
১৭-০৮-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে গভীর রাতে পাখিভ্যান চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছে পুলিশ। আটক চোর কুষ্টিয়া ভেড়ামারা গাউছিয়া দৌলতপুরের শরিফুল ইসলাম। হাট বোয়ালিয়া কাঁচাবাজারে পাখিভ্যান চুরি করে পালানোর সময় ধরা পড়েন তিনি। গতকাল তাঁকে আটকের পর রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে ফাঁড়ির পুলিশ। জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার আমতৈল গ্রামের অসহায় দরিদ্র ভ্যানচালক ইসমাইল হোসেন বোয়ালিয়া কাঁচাবাজারে ভ্যান রেখে বাজার করতে যান। এ সময় সুযোগ সন্ধানী চোর ভ্যানের তালা ভেঙে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় পথ ভুলে হাট বোয়ালিয়া পুলিশ ক্যাম্পের রাস্তায় ঢুকে পড়ে। এ সময় ক্যাম্পের ইনচার্জ বজলুর রশিদের সামনে পড়েন তিনি। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি ভ্যান চুরির কথা স্বীকার করেন। ভ্যান চোর কুষ্টিয়া ভেড়ামারা গাউছিয়া দৌলতপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে শরিফুল ইসলাম। ইতোপূর্বেও তিনি হাট বোয়ালিয়া থেকে একটি পাখিভ্যান চুরি করেছিলেন। আটক শরিফুলের নামে আলমডাঙ্গা থানায় চুরি মামলা হয়েছে। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স