বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২০ ইং
কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুর থেকে জাকারিয়া হোসেন চঞ্চল (১০) ও মিশন হোসেন (১০) নামে দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাফদাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মুকুল হোসেনের পুকুর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালীপাড়ার বাহাদুর আলীর ছেলে ও মিশন কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফোরকান আলীর ছেলে। তারা রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। মাদ্রাসার শিক্ষক আকিমুল ইসলাম জানান, মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজ করায় গত বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। বেলা একটার দিকে গোসল করে ছাত্ররা সবাই মাদ্রসায় ফিরে আসে। বিকেল পাঁচটার দিকে খেলা শেষে জাকারিয়া ও মিশন আবার ওই পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যার পর মাদ্রাসায় তাদেরকে দেখতে না পেয়ে উপস্থিত ছাত্রদের কাছে তাদের খোঁজ নেওয়া হয়। পরে নিখোঁজের ঘটনা জানিয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের নিয়ে রাত একটা পর্যন্ত গ্রামে এবং ওই পুকুরে খোঁজা হয়। নিখোঁজের ১৪ ঘণ্টা পর শুক্রবার সকালে স্থানীয়রা মাদ্রাসাছাত্র মিশনের মরদেহ পুকুরে ভাসতে দেখে। নিখোঁজ অন্য ছাত্রের মরদেহ না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। আধা ঘণ্টা পর জাকারিয়া হোসেনের মরদেহ পানিতে ভেসে উঠে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম। পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই নিয়ে গত এক সপ্তায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হলো।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল