মেহেরপুরে বিএনপি নেতা শাহান আলীর ইন্তেকাল
- আপলোড তারিখঃ
১৪-০৮-২০২০
ইং
প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদরের বারাদী বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও মেহেরপুর জেলা বিএনপির অন্যতম নেতা শাহজাহান আলী শাহান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি জুগিন্দা গ্রামের মৃত সিরাত মালিথার বড় ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন। বেশ কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছিলেন। গত বুধবার দিবাগত রাত চারটার দিকে তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। তাঁর অবস্থার অবনিত হলে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখতে রাজি হননি। পরে রমেশ ক্লিনিক ও তাহের ক্লিনিকে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকেরা তাঁকে দেখতে রাজি হননি। পরে ওই একই অ্যাম্বুলেন্সযোগে রাতেই তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহরের নামাজের পর গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন শোক প্রকাশ করেছেন।
কমেন্ট বক্স