দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজের মৃত্যু, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
১০-০৮-২০২০
ইং
দর্শনা অফিস:
মরণব্যাধী ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন দর্শনার আওয়ামী লীগের নেতা ও বর্তমান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দর্শনার বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। গতকাল ভোরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ সময় স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। শেষবারের মতো আওয়ামী লীগের নেতা সিরাজের লাশ দেখতে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ এলাকার হাজার হাজার নারী-পুরুষ বাড়িতে ভিড় জমান। গতকালই জোহরের নামাজের পর কেরুজ বাজার মাঠে তাঁর লাশের জানাজা শেষে মোবারকপাড়ার গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে সিরাজের জানাজা নামাজে অংশগ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও দর্শনার সব শ্রেণি-পেশার মানুষসহ দৈনিক সময়ের সমীকরণের পরিবারসহ দর্শনা প্রেসক্লাব।
কমেন্ট বক্স