চুয়াডাঙ্গায় নারী ক্রিকেটারের শ্লীলতাহানী!
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা মাঠের মধ্যে একা পেয়ে এক নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীসহ মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দীননাথপুরের চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্লীলতাহানীর শিকার ওই নারী ক্রিকেটারের মামা। গতকাল শনিবার সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা থেকে কুন্দিপুর বাড়ি ফেরার সময় মাখালডাঙ্গা মাঠের কাছে পৌঁছালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন দীননাথপুর বটতলা পাড়ার মহিদল ইসলামের ছেলে শাওন (২১), লেথুর ছেলে ইউনুছ আলী (২০), খোরশেদ আলীর ছেলে রহিম (২১) ও মৃত মান্নান হোসেনের ছেলে মহিদুল (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার নারী ক্রিকেটার ও বিকেএসপির ছাত্রী কুন্দিপুর গ্রামের ইউনুছ আলীর মেয়ে (১৪) গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শহর থেকে বাড়ি ফিরছিলেন। মাখালডাঙ্গা মাঠের মধ্যে পৌঁছালে দীননাথপুরের শাওন, ইউনুছ আলী ও রহিম নারী ক্রিকেটারকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করতে থাকে। এসময় ওই নারী ক্রিকেটার চিৎকার চেচামেচি করলে তাঁরা তাকে মারধর করে। এ ঘটনায় নারী ক্রিকেটারের মামা চাঁদ আলী বাদী হয়ে চাঁরজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীসহ মারধর করার বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘শ্লীলতাহানীসহ মারধর করার অভিযোগে একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক অভিয্ক্তুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কমেন্ট বক্স