ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
স্কুল পরিচালনা কমিটির সভাপতি না হয়েও ঝিনাইদহের শৈলকুপায় সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে অবৈধভাবে পুনর্বহাল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। অথচ এ প্রধান শিক্ষক ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের বদলির সুযোগ নিয়ে তারই স্বাক্ষর জাল করে এক লাখ ১৭ হাজার টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন। প্রশ্ন উঠেছে স্কুল পরিচালনা কমিটির সভাপতি না হয়েও একজন ইউএনও বরখাস্তকৃত প্রধান শিক্ষককে পুনর্বহাল করতে পারেন কি না।
তথ্য নিয়ে জানা গেছে, শৈলকুপার ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন গত ৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের হিসাব থেকে এক লাখ ১৭ হাজার টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন। তিনি নিজে প্রধান শিক্ষক হিসেবে স্বাক্ষর করেন এবং সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের বদলি আদেশের সুযোগে তাঁর স্বাক্ষরও জাল করেন। সে সময় ইউএনও উক্ত স্কুলের সভাপতি ছিলেন। জাল স্বাক্ষরের বিষয়টি সন্দেহ হলে শেখপাড়া সোনালী ব্যাংকের ম্যানেজার গত ১৩ ফেব্রুয়ারি লিখিতভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। ঘটনার সত্যতা পেয়ে জালিয়াতির দায়ে প্রধান শিক্ষক মোশারফ হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত করেন। প্রধান শিক্ষকের এই জালিয়াতির বিষয়টি শৈলকুপা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ খানের তদন্তেও ধরা পড়ে।
এদিকে ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত অ্যাডহক কমিটির মেয়াদ গত ১৩ মে শেষ হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ১৩ তারিখের পর থেকে ওই স্কুলের আর সভাপতি নেই। অথচ গত ২০ মে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে তিনি পুনর্বহাল করেন, যা আইনসিদ্ধ নয়।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, চেক জালিয়াতির ঘটনায় সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকের তদন্ত প্রতিবেদনে সত্যতা মিললেও বিশেষ বিবেচনায় তাঁকে ক্ষমা করা হয়েছে। সভাপতি না থাকার পরও কোন আইনে তাঁকে পুনর্বহাল করা হলো এমন প্রশ্নের দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন বলেন, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর উক্ত বিদ্যালয়ের এ ধরনের কার্যক্রম বিধিসম্মত হয়নি। তবে কেউ এমন আইন বহির্ভুত কাজ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স