কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসানুজ্জামান হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাত আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। হাসান কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সন্তান।
জানা যায়, হাসানুজ্জামান হাসান মঙ্গলবার রাতে আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় তাঁর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাঁকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসানুজ্জামান হাসানের অকাল মৃত্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, সাবেক পৌর মেয়র মীর মহিউদ্দিন, বিএনপির নেতা হাজি মজিবর রহমান, আনিসুর রহমান, সহিদুল কাউনাইন টিলু, শেখ সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। গত বুধবার সকাল ১০ টায় পাইকপাড়ায় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের মাঝামাঝি সময়ে খুব অল্প বয়সে হাসান কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরের বার নির্বাচনেও তিনি নির্বাচিত হন। পরপর দুইবার তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
কমেন্ট বক্স