খুলেছে দোকানপাট, দর্শনায় মানা হয়নি শারীরিক দূরত্ব
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২০
ইং
দর্শনা অফিস:
দীর্ঘদিন বন্ধ থাকার পর নিয়ম-নীতির তোয়াক্কা না করেই খোলা হয়েছে দর্শনা শহরের বেশ কিছু বিপণিবিতান। তবে এর বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হয়নি। গতকাল রোববার সকাল থেকেই মার্কেটগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে দোকানি, কর্মচারী আর ক্রেতাদের। তবে মার্কেটে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কোনো শারীরিক দূরত্ব ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ব্যর্থ হচ্ছেন সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে।
গতকাল দর্শনা রেল বাজারে গিয়ে দেখা যায়, রেল বাজারের কাপড়ের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বাজারের হাজি গার্মেন্টেসে দেখা যায় দোকানে কোনো শারীরিক দূরত্ব মানা হয়নি। চাহিদার তুলনায় প্রায় চারগুন মানুষ দোকানে প্রবেশ করে কেনাকাটা করতে শুরু করেন। সেখানে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও লক্ষ্য করা যায়নি। একই চিত্র দেখা যায় এ বাজারের হাফিজ গার্মেন্টস, রোমান গার্মেন্টস, বেস্ট ওয়ান গার্মেন্টস ও নিউ কালেকশন গার্মেন্টসে।
সামাজিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে ক্রয়-বিক্রয় মনিটরিং করা হয়েছে। শহরে জনসচেতনতায় বিল বোর্ড বসানো হয়েছে। তবে প্রথম দিনই ক্রেতাদের উপচে পড়া ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আজ (সোমাবার) থেকে আরও কঠোরভাবে মনিটরিং করা হবে।
কমেন্ট বক্স