জীবননগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ!
- আপলোড তারিখঃ
০৯-০৫-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে পিটিয়ে আহত করার এক মাস পর সামসদ্দিন মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে এক মাস যাবত চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তাঁর। নিহত বৃদ্ধ জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাগদিপাড়ার মৃত কালু মণ্ডলের ছেলে। এ ঘটনায় জীবননগর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে বিরোধের জেরে ১ এপ্রিল বেলা সাড়ে তিনটার দিকে লাল্টু (৩৫), পারভেজ (২০), মিয়ারাজ (৩০), একরামূল (৩২) ও মিনারুল মিনা (৪৮) সামসুদ্দিনের বাড়িতে ঢুকে তাঁর গরু খুলে নিয়ে চলে যাচ্ছিলেন। এ সময় সামসুদ্দিন তাঁদেরকে বাধাঁ দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে সামসুদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।
সামনুদ্দিনের নাতি ছেলে আলমগীর হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে লাল্টু, মিয়ারাজের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মাসের ১ তারিখে তাঁরা আমাদের বাড়িতে ঢুকে গরু খুলে নিয়ে চলে যাচ্ছিল। এ সময় দাদা তাঁদেরকে বাধাঁ দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে দাদাকে পিটিয়ে জখম করে। পরে দাদাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে করোনা মহামারির জন্য দাদাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। (৭ মে) বৃহস্পতিবার দাদার মৃত্যু হয়।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে এক মাস পূর্বে সামসুদ্দিন নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়। এরপর থেকে সামসুদ্দিন নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যদের ধারনা ১ মাস পূর্বে পিটিয়ে আহত করার জন্যই সামসুদ্দিনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে সামসুদ্দিনের ছোট ছেলে খোকন। মামলা নম্বর ৫, তারিখ ০৭-০৫-২০২০। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স