আলমডাঙ্গায় নতুন একজনের শরীরে করোনা শনাক্ত
- আপলোড তারিখঃ
৩০-০৪-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার রাধাকান্তপুর গ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। বুধবার (২৯ এপ্রিল) এ করোনা শনাক্ত হয়। এ ঘটনায় আটটি পরিবারকে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। এদিকে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা শনাক্ত করা ২৮ জনের রিপোর্ট এখনো স্থগিত রয়েছে।
জানা যায়, ২৮ এপ্রিল চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা উপজেলাসহ মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে ২৮টি রিপোর্ট পজেটিভ হওয়ায় এ ফলাফল নিয়ে সন্দেহ থাকায় পরে উক্ত ২৮ জনের রিপোর্ট স্থগিত করে তা নিশ্চিত করণের জন্য ওই দিনই পুনারায় নমুনা ঢাকা আইইডিসিআর-এ পাঠায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যা এখনও স্থগিত রয়েছে। আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ ২৮টি রিপোর্ট সম্পর্কে নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগকে জানাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ‘চুয়াডাঙ্গা থেকে ২৫ এপ্রিল করোনা সন্দেহে ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৬ এপ্রিল নতুন আরও ৩২ জনের সংগৃহীত নমুনার সঙ্গে মোট ৮৩টি নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণাগারে পাঠানো হয়। ২৮ এপ্রিল ২৮ জনের পজেটিভ রিপোর্টসহ মোট ৮৩টি নমুনার ফলাফল আমাদের কাছে পাঠায়। পরে ২৮টি পজেটিভ রিপোর্টকে অমীমাংসিত বলে তা স্থগিত করে আইইডিসিআর-এ পাঠায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের বর্তমান প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৩৪৩টি, প্রাপ্ত রিপোর্ট ২৩৩টি, পজেটিভ ৮টি, নেগেটিভ ২২৫টি, সুস্থ ১ ও মৃত্যু শূন্য এবং স্থগিত ২৮টি রিপোর্টসহ পেনডিং আছে ১১০টি।
কমেন্ট বক্স