ঝিনাইদহে করোনা আক্রান্ত ১৩ জনের ৫ জনই স্বাস্থ্যকর্মী
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় একহন, শৈলকূপায় দুজন ও হরিণাকুণ্ডুতে একজন রয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪০টি নমুনার মধ্যে এ ৪টি পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ জন, যাঁর ৫ জনই স্বাস্থ্যকর্মী। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটে-বাজারে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। গাদা-গাদি করে মানুষ কেনা-বেচা করছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দায়িত্বরত টহল কমান্ডার ক্যাপ্টেন তানজিমুল আনোয়ার জানান, ‘আমরা সাধ্যমত চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রাখার। তবে মানুষ অযথা ঘর থেকে বের হচ্ছে। এই প্রবণতা দূর করে সবাই সচেতন হতে হবে।’ ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, ‘আক্রান্তদের মধ্যে সবাই ভাল আছেন। কেউ গুরুতর নন। আমরা প্রটোকল মেনে তাদের রক্ত সংগ্রহ করে আবারো পরীক্ষার জন্য পাঠাব।’
কমেন্ট বক্স