শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা-দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গা সিপিবির স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২০ ইং
করোনা-দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গা সিপিবির স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণের দুর্ভোগ মোকাবিলায় সরকারের করণীয় সম্পর্কে কতিপয় পরামর্শ ও দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চুয়াডাঙ্গা জেলা কমিটি। সারা দেশের ন্যায় একযোগে রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করে তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি চুয়াডাঙ্গার লুৎফর রহমান, কাজল মাহমুদ, শেখ ফরিদ, জহির, সাহেদ, মিলন, আরিফ প্রমুখ সদস্যবৃন্দ। স্মারকলিপিতে করোনা মোকাবিলায় সিপিবি ও বিভিন্ন গণসংগঠনের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বলা হয়, কমিউনিস্ট পার্টি ও সহযোগী গণসংগঠনসমূহ জনগণের সহযোগিতায় বিপর্যস্ত মানুষের জন্য যা করেছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এ মহাবিপর্যয় থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। ‘করোনা-মহামারি’র মহাবিপর্যয় মোকাবিলার জন্য জাতির সমস্ত শক্তি-সামর্থ্য নিয়োজিত করা খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ। করোনা মহাবিপর্যয় মোকাবিলার জন্য এখনই সব শক্তিকে নিয়ে পরামর্শ সভা আহ্বান; জাতীয় বাজেট পুনর্বিন্যস্ত করে করোনা-মহাবিপর্যয় মোকাবিলার জন্য বাজেটের পর্যাপ্ত টাকা বরাদ্দ; সব উপজেলায় বিশেষায়িত ব্যবস্থাসম্পন্ন ‘টেস্টিং বুথ’ স্থাপন, করোনা পরীক্ষার জন্য দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে ‘বিশেষায়িত ল্যাব’ স্থাপন; করোনা-মহাবিপর্যয়ে মানুষের বিপর্যস্ততার সুযোগে ফসল, গরু-ছাগল, জমি-জমা-সম্পত্তি স্বাভাবিক দামের চেয়ে কম দামে কিনে নেয়া (ডিসট্রেস সেইল) বেআইনি ঘোষণা করে তা কঠোরভাবে রোধ করা; ক্ষুধার্ত ও অনাহারের আশঙ্কাসম্পন্ন পরিবারের কাছে আগামী ৩ মাস বিনা মূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া; গার্মেন্টসহ বিভিন্ন বেসরকারি কারখানা-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ১/২ মাস সবেতন ছুটি প্রদান; সরকার ঘোষিত ‘অর্থনীতি পুনরুদ্ধার প্রণোদনা’র সিংহভাগ অর্থ সরাসরি কৃষক, শ্রমজীবী, ক্ষুদে ও মধ্য বিনিয়োগকারীদের প্রদান; ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে ধান কেনা; ধান কাটতে যাওয়া ক্ষেতমজুরদের জন্য সংক্রমণ পরীক্ষার সুযোগ, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, থাকা-খাওয়ার বন্দোবস্ত, ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা সুবিধা ইত্যাদি প্রদান; সারাদেশে প্রতিটি গ্রামে, গ্রামবাসীদের আস্থাভাজন মানুষকে সামনে রেখে, ‘গ্রাম সুরক্ষা কমিটি’ গঠন; সিন্ডিকেটের মাধ্যমে অসৎ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতীশীল করে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি করতে না পারে, তার জন্য কঠোর নজরদারী ও শাস্তির ব্যবস্থা করা; শহরের ভাসমান দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে রান্না করা খাবার সরবরাহের নেটওয়ার্ক গড়ে তোলা; করোনা সংক্রান্ত গুজব ও কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে হালনাগাদ বৈজ্ঞানিক তথ্য জনগণকে অবহিত করা; শুধুমাত্র সরকারি কর্মকর্তা নয়, এই দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে ‘কোভিড-১৯ টাস্কফোর্স’ গঠন; করোনা-সৃষ্ট মানবিক বিপর্যয় রোধে সরকারের উদ্যোগে রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক সংগঠন ও মানবিক ব্যক্তিদের নিয়ে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রে এবং তৃণমূলে ‘সমন্বয় কমিটি’ গঠন করাসহ স্মারকলিপিতে বিস্তারিতভাবে ১৪ দফা পরামর্শ ও দাবি উত্থাপন করা হয়।


কমেন্ট বক্স