কালীগঞ্জে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- আপলোড তারিখঃ
২৪-০৪-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
করোনা মহামারিতেও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। অন্নযোগানদাতা কৃষকের কাছে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন টাকা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন গ্রামের সাধারণ কৃষক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপৃজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্না রানী সাহা। এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় ২০ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
অপর দিকে, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর বাজারে মেসার্স রহমান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহীনির একটি টিম উপস্থিত ছিল। এছাড়াও করোনাভাইরাস রোধে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন যানবাহন চালক ২১ ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।
কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, সরকারি নির্দেশ অমান্য করায় ২১ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা জানান, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স