গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
১২-০৪-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুর জেলার গাংনীতে সড়ক দুর্ঘটনায় সামিয়া নামের আড়াই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটপাড়া (কুঠি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু সামিয়া ভাটপাড়া (কুঠি) গ্রামের ভ্যানচালক হোসেন আলীর মেয়ে। শিশুটির মা নাদেরা খাতুন জানার, তিনি পানিভর্তি কলস ও শিশু সামিয়াকে সঙ্গে নিয়ে পাকা সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বালিভর্তি একটি ট্রলি গাংনী থেকে নওয়াপাড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। ট্রলির ধাক্কাতে মাথার পেছনে লেগে শিশুটি গুরুতর আহত হয়। শিশুর মা নাদেরা খাতুন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং শিশুটির জন্য অক্সিজেনের ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গাংনী হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় অন্য অ্যাম্বুলেন্স জোগাড় করার আগেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স