প্রাইভেট হাসপাতালগুলোতে ৪০ শয্যা প্রস্তুত
- আপলোড তারিখঃ
১০-০৪-২০২০
ইং
ঝিনাইদহে করোনা পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম সতর্কতায়
ঝিনাইদহ অফিস:
করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি প্রয়োজন ও অগ্রিম সতর্কতার জন্য ঝিনাইদহ শহরের প্রাইভেট হাসপাতালের মালিকগণ করোনা রোগীর জন্য ৪০ শয্যা দিতে সম্মত হয়েছেন। প্রয়োজনে জাতির এই সংটকময় মুহূর্তে ক্লিনিকে আরও এক শ শয্যা দিতে প্রস্তুত রয়েছেন তাঁরা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগমের ডাকা এক জরুরি সভায় ক্লিনিক মালিকগণ তাঁদের এ মনোভাবের কথা জানান। সিভিল সার্জন অফিসে আয়োজিত এ সভায় ঝিনাইদহ জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আল-ফালাহ হাসপাতালের এমডি অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন ক্লিনিক মালিকেরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। সভায় জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত অথবা সাসপেক্টেড রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ইউনিটের জন্য আল-ফালাহ হাসপাতাল, প্রিন্স হাসপাতাল, আল-আমিন হাসপাতাল, হাসান ক্লিনিক, ইসলামী ব্যাংক হাসপাতাল, শামীমা ক্লিনিক, তাসলিম ক্লিনিক ও রাবেয়া হাসপাতালের পক্ষ থেকে ৪০টি বেড প্রদান করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, ডাক্তার আব্দুর রহমান, ডা. অপূর্ব কুমার, ডা. প্রসেনজিৎ পার্থ, ডা. সিদ্দিকুল ইসলাম ও ডা. আব্দুল খালেক। সমিতির পক্ষ থেকে সিভিল সার্জনকে আশ্বস্ত করে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সব প্রকারের সহযোগিতা করতে ঝিনাইদহ জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন প্রস্তুত রয়েছে।
কমেন্ট বক্স