নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার তিতুদহে খেলার সময় ছাদ থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের স্কুলপাড়ার শামীমের ছেলে হুসাইন (২)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় নিজ বাড়ির ছাদে খেলা করছিল হুসাইন। অসর্তকতাবশত ছাদ থেকে মাটিতে পড়ে যেয়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই চেতনা হারায় শিশুটি। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, শিশুটিকে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। ছাদ থেকে পড়ে শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগে বমি হয়। ফলে শিশুটি অচেতন হয়ে যায়। শিশুটির মাথায় রক্তক্ষরণ হতে পাড়ে। এ জন্য শিশুটির খুব দ্রুত একটি সিটিস্ক্যান করানোর জন্য বলা হয়েছে এবং শিশুটিকে অবজ্রভেশনে রাখা হয়েছে। শিশুটির অবস্থার উন্নতি না হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু হুসাইন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।
সমীকরণ প্রতিবেদন