দুই নারীর মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০২০
ইং
আলমডাঙ্গা ও মেহেরপুর সড়কে পৃথক দুর্ঘটনা
ডেস্ক:
মেহরেপুরের চাঁদবিল নামক স্থানে গরুবোঝাই লাটাহাম্বারের ধাক্কায় ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পৃথক স্থানে ভিন্ন সময়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মধুমালা খাতুন (২৫) নামের এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধুমালা খাতুন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসছিলেন মধুমালা খাতুন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক হাবিবুর রহমান ও মধুমালা খাতুন। তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মধুমালা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে গরুবোঝাই লাটাহাম্বারের ধাক্কায় মুক্তি খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুক্তি খাতুন মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জানা গেছে, মুক্তি খাতুন কয়েকজন সঙ্গীসহ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে আসা গরুবোঝাই একটি লাটাহাম্বার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুক্তি খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় লাটাহাম্বারটিসহ এর চালককে আটক করা হয়েছে।
কমেন্ট বক্স