পর্নোগ্রাফি মামলা না তোলায় বাদীর ওপর হামলা
- আপলোড তারিখঃ
১০-০৩-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় পর্নোগ্রাফি মামলা তুলে না নেওয়ায় মামলার বাদী রাবেয়া খাতুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাবেয়া খাতুন চরধলহরাচন্দ্র গ্রামের ইনসান আলীর স্ত্রী ও একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে তাঁর ওপর হামলা হয়। এ সময় পিপিলা খাতুন নামে আরও এক নারী আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত রাবেয়া খাতুনের বাবা রবিউল ইসলাম জানান, ২০১৮ সালের মার্চ মাসে তাঁর মেয়ে রাবেয়ার সঙ্গে চরধলহরাচন্দ্র গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে ইনসান আলীর বিয়ে হয়। বিয়ের পরপরই ইনসান আলী সিঙ্গাপুর চলে যান। ইনসান সিঙ্গাপুর থাকায় তাঁর ভাই সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে ইউনুচ আলী রাবেয়াকে বাবার বাড়ি চলে যেতে বলেন এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। ২০১৯ সালের এপ্রিল মাসে ইউনুচ ও তাঁর সহযোগীরা তাঁর মেয়ের কিছু ছবি কম্পিউটারাইজড করে গ্রামের গাছে গাছে ঝুলিয়ে দেন। এ ঘটনায় গত বছরের ৯ মে শৈলকুপা থানায় রাবেয়া খাতুন বাদী হয়ে ইউনুচসহ কয়েক ব্যক্তির নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলা তুলে নিতে সোমবার সকালে আব্দুর রশিদ, ইউনুচ, আজিজসহ কয়েক ব্যক্তি রাবেয়ার ওপর হামলা চালান।
এদিকে সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, রাবেয়া তাঁর ছোট ভাইয়ের স্ত্রী। বেশ কিছুদিন আগে রাবেয়া তাঁর ছেলের নামে ষড়যন্ত্রমূলক একটি মামলা করেন। মামলা তুলে নিতে তাঁর ওপর কোনো হামলা হয়নি।
শৈলকুপা থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ধলহরাচন্দ্র গ্রামে দু-দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গ্রামটিতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে রাবেয়া কী কারণে আহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কমেন্ট বক্স