আলমডাঙ্গার মুসলিম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১০-০৩-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গার মের্সাস মুসলিম বেকারিতে এ অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, অভিযানকালে ৮ মার্চ উৎপাদন করা কেক গতকাল ৯ মার্চ প্যাকেটজাত করা হচ্ছে। আবার প্যাকেটে উৎপাদনের তারিখ ১০ মার্চ দেওয়া হয়েছে। ৩০ শে ফেব্রুয়ারিতে উৎপাদিত কিছু বিস্কুটও সেখানে পাওয়া যায়। ভেতরের অবস্থা চরম মাত্রায় অস্বাস্থ্যকর। কেক, বিস্কুট তৈরি হচ্ছে খুবই নোংরা পরিবেশে যা মানুষের জন্য স্বাস্থ্যহানিকর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মুসলিম বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে অস্বাস্থ্যকর বিস্কুট ও পেস্ট্রি জব্দ করে তা নষ্ট করা হয়। অভিযান পরিচালনায় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল সহযোগিতা করেন।
কমেন্ট বক্স