এসআই মিল্টন সরকারের আর ওসি হওয়া হলো না
- আপলোড তারিখঃ
০৯-০৩-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে মাস্টার্স পাস করার পর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে এসআই পদে যোগদান করেন। তাঁর বিপি নম্বর ৮৬১৩১৫১৪১৫। তিনি খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ র্যাবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের ২১ মে দামুড়হুদা মডেল থানায় এসআই হিসেবে যোগ দেন এবং স্ত্রী তৃষ্ণা সরকার ও দেড় বছর বয়সী মেয়ে শ্রী সেজুতি সরকারকে নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন। ইতিমধ্যে ইন্সপেক্টর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ মিল্টন সরকারের আর ওসি হওয়া হলো না।
গতকাল রোববার রাতে নিয়মিত টহলের জন্য দামুড়হুদা থানা থেকে মোটরসাইকেলযোগে লোকনাথপুরের দিকে যাচ্ছিলেন এসআই মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। পথের মধ্যে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের নিকট পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে এসআই মিল্টনের মোটরসাইকেলের ধাক্কা লাগলে সড়কের ওপরে ছিটকে পড়েন তিনি। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি তাৎক্ষণিক পালিয়ে যায়।
কমেন্ট বক্স