কালীগঞ্জ বারবাজার কলেজের গাছ কেটে সাবাড়!
- আপলোড তারিখঃ
০২-০৩-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
কোনো টেন্ডার ছাড়াই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ডিগ্রি কলেজের কমপক্ষে ৩০টি মেহগনি গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে। গতকাল রোববার কলেজের নিজস্ব জায়গায় রোপণ করা এসব গাছ কেটে সাবাড় করা হয়। খবর পেয়ে গতকাল সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করেন। এলাকাবাসীর দাবি, কলেজের নানা কাজের অজুহাতে ওই প্রতিষ্ঠানের সভাপতি শিপন মৃধা ও কলেজের অধ্যক্ষ ইয়ামিনুর রহমান প্রায়ই ২-৫টি করে গাছ কেটে নিজেদের পকেট ভারী করেন।
এলাকাবাসী জানান, রোববার সকালে বারবাজার ডিগ্রি কলেজের মেহগনি গাছ কাটা দেখে প্রতিবাদ করেন তাঁরা। এরপর একপর্যায়ে তাঁরা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেন। তবে কাটা গাছগুলো বর্তমানে ওই কলেজ মাঠেই রয়েছে। এ ঘটনায় ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ডিগ্রি কলেজের পিয়ন বাবুল আক্তার জানান, কোনো টেন্ডার ছাড়াই গাছ কাটা হচ্ছিল। তিনি বলেন, ‘গত এক সপ্তাহ আগেও টেন্ডার বাদে গাছ কাটা হয়েছে। আজ আমাকে থাকতে বলেছিল, তাই কলেজের মাঠে রয়েছি। কলেজের অধ্যক্ষ বললে আমার কিছু করার থাকে না।’
ডিগ্রি কলেজের শিক্ষিকা ফেরদৌস আরার কাছে রেজল্যুশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কলেজে ১২ জনবিশিষ্ট কমিটি আছে। কিন্তু আমরা গাছ কাটা সম্পর্কে কেউ কিছু জানি না।’ তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের গাছ টেন্ডার ছাড়া কাটা ঠিক হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের ৫-৬ জন শিক্ষক-শিক্ষিকা জানান, অধ্যক্ষ কোনো কিছুর তোয়াক্কা না করেই গায়ের জোরে গাছগুলো কেটেছেন। দিনের পর দিন এসব গাছ কাটা হলেও দেখার কেউ নেই।
গাছ কাটার বিষয়ে কলেজের সভাপতি শিপন মৃধা বলেন, যেসব মেহগনি গাছ শুকিয়ে গিয়েছে, সেসব গাছগুলো কাটা হচ্ছে। জানতে চাইলে টেন্ডারের বিষয়টি তিনি এড়িয়ে যান।
অধ্যক্ষ ইয়ামিনুর রহমান বলেন, মেহগনি গাছের ভেতরে যেসব গাছ ছোট, সেসব গাছ কেটে ফেলা হচ্ছে। অন্য গাছগুলোর বেড়ে উঠার স্বার্থে এটা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, বিষয়টি বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়েছে। লিখিত কোনো অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স