উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে
- আপলোড তারিখঃ
২৯-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় মতবিনিময় সভায় নাসিবের কেন্দ্রীয় সভাপতি মির্জা নুরুল গণী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর চুয়াডাঙ্গা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় শহরের হোটেল রেডচিলির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাসিব চুয়াডাঙ্গা জেলা শাখা সভাপতি মো. ওলি উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মির্জা নুরুল গণী শোভন।
তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উদ্যোক্তাদের সব ধরনের নীতি-সহায়তা প্রদানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ঋণসুবিধা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘চুয়াডাঙ্গার সব ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা অনেক এগিয়ে যাচ্ছে। এসব ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতা করছে। আমার পক্ষ থেকে যতটা সম্ভব আপনাদের সঙ্গে থাকব।’
সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, নানা কারণে দেশের এ অঞ্চলে শিল্পের তেমন বিকাশ ঘটেনি। যেসব ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প-কারখানা গড়ে উঠেছে, তার উদ্যোক্তারা নানামুখী সমস্যার সম্মুখীন। বিনিয়োগের জন্য মূলধন সংগ্রহে ব্যাংকে গেলেও তারা নানারকম ভোগান্তির মুখে পড়েন। অথচ সরকারের তরফ থেকে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। অনেক ব্যাংক এগুলোর তোয়াক্কা করে না। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।
মতবনিমিয় সভায় কাপড় ব্যবসায়ী, নির্মাণ ব্যবসায়ী, ইন্ডাসট্রিয়ালিস্ট প্রমুখ ছাড়াও সাংবাদিক, নাসিবের সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স