ঝাঁঝাঁডাঙ্গার বাবুর যাবজ্জীবন জেল
- আপলোড তারিখঃ
২৭-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় তিন কেজি সোনা পাচার মামলার রায়
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় শিপন রানা ওরফে বাবু (৩০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালাত। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইবুনাল-১-এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত শিপন রানা ওরফে বাবু দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ এপ্রিল ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে থেকে শিপন রানা ওরফে বাবুকে মোটরসাইকলেসহ আটক করে বিজিবি। পরে তাঁর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ২৩ টাকা মূল্যের তিনটি সোনার বার। যার ওজন ৩ কেজি ১৭৫ গ্রাম। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার তোতা মিয়া বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সোনা পাচারের একটি মামলা করেন। মামলায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫-বি (১) (এ) ধারায় অভিযুক্ত শিপন রানা ওরফে বাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আলোচিত সোনা পাচারের এ মামলায় দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর ইমদাদুল হক তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ অক্টোবর একমাত্র আসামি শিপন রানা ওরফে বাবুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত এ মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণে আদালত অভিযুক্ত শিপন রানা ওরফে বাবুকে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
কমেন্ট বক্স