অবশেষে ৭ মাস পর ধর্ষকের নামে মামলা!
- আপলোড তারিখঃ
২৫-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গার ছোটসলুয়ায় বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটসলুয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একই এলাকার মোজ্জাম্মেল বিশ্বাসের নামে অবশেষে মামলা হয়েছে। ধর্ষণের ৭ মাস পর গতকাল সোমবার রাতে মোজ্জাম্মেলকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটির ভাই। অভিযুক্ত ধর্ষক মোজ্জাম্মেল বিশ্বাস (৩৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটসলুয়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ আগস্ট দুপুরে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি নিজ বাড়ির পাশে মাটি কাটছিল। ওই সময় অভিযুক্ত মোজ্জাম্মেল বিশ্বাস কৌশলে তাকে পাশের আখখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই বুদ্ধিপ্রতিবন্ধীকে এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমকিও দেখায় অভিযুক্ত ধর্ষক মোজ্জাম্মেল বিশ্বাস। ওই ঘটনার কিছুদিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়াসহ শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। পরে পরিবারের লোকজন ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটির কাছে জানতে পারে প্রতিবেশি মোজ্জাম্মেল বিশ্বাস তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ ঘটনায় পরিবারের লোকজন গত ১৭ ফেব্রুয়ারি একটি ডায়াগনস্টিক সেন্টারে ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে আল্ট্রাসনো করালে রিপোর্টে দেখা যায়, তার গর্ভে ২৪ সপ্তাহের সন্তান রয়েছে।
এ বিষয়ে ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত মোজাম্মেলকে ডেকে গ্রাম্য সালিশ বসায়। সালিশে অভিযুক্ত মোজ্জাম্মেল ওই বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের কথা স্বীকার করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পর ওই ধর্ষক আর বিয়ে করবে না বলে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটির পরিবারকে জানিয়ে দেয় এবং এলাকা থেকে পালিয়ে যায়। উপায় না পেয়ে ধর্ষণের শিকার ওই বুদ্ধিপ্রতিবন্ধীসহ তার পরিবার বিষয়টি লোকমর্চাকে জানায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ‘মামলার তদন্তসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। দ্রুত আসামীকে আটক করা হবে।’
কমেন্ট বক্স