লাইনে দাঁড়িয়ে ভোট দিল ক্ষুদে ভোটাররা
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২০
ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত
সমীকরণ ডেস্ক:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইনে দাঁড়িয়ে ক্ষুদে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে গতকাল সকাল ৯ থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘আমি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার সীমান্তবর্তী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট পর্যবেক্ষণ করেছি। বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণি থেকে ১ জন ছেলে ও ১ জন মেয়ে মিলে মোট ৪ জন এবং ৫ম শ্রেণি থেকে ২ জন ছেলে ও ১ জন মেয়ে মিলে মোট ৭ জন নির্বাচিত হয়।’ তিনি আরও বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ের জন্য এই নির্বাচন। নির্বাচিত শিক্ষার্থীরা বিদ্যালয় পরিষ্কার, জাতীয় দিবস পালনসহ বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা পালন করবে। জেলার ৪৪৭টি বিদ্যালয়ের মধ্যে ২টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়ে ৪৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ১১৫ জন নির্বাচিত হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তা।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলায় একযোগে ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহার নির্দেশ এবং ইউআরসি ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবীরসহ সব কর্মকর্তার সহযোগিতায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আদর্শ, এরশাদপুর, জেএন, বন্ডবিল, ডামোশ, আসাননগর, কালিদাসপুর, কামালপুর, কুমারী, হারদি, কুয়াতলা, ভাংবাড়িয়া, মাধবপুর, উসমানপুর, বকশিপুর, মাজু, ছত্রপাড়া, বিনোদপুর, ডাউকি, বাদেমাজু, পোয়ামারি, বেলগাছি, বামানগর, মোড়ভাঙ্গা, শেখপাড়া, কেদারনগর, ফরিদপুর, রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুল:
মেহেরপুর জেলার ৩টি উপজেলার ৩০৮টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে আনন্দমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ভোট শুরু হয়ে একটানা দুপুর ১টা পর্যন্ত ভোটদান চলে। মেহেরপুর জেলার দুটি পৌরসভাসহ ৩টি উপজেলার ৩০৮টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৭ হাজার ৪৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রতিটি বিদ্যালয়েরর জন্য ৭ জন করে সদস্যসহ মোট ২ হাজার ১৫৬ জন সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে ৩ হাজার ৪৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দীনসহ সহকারী শিক্ষা অফিসারগণ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে এই ভোট ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
ঝিনাইদহ:
ঝিনাইদহের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। শহরের খান এ খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে ক্ষুদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলার ৯’শ ৭টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিদ্যালয়ে পানিসম্পদ মন্ত্রী, আপ্যায়ন মন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রী, পাঠ্যপুস্তক মন্ত্রীসহ ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে কয়েকজন শিক্ষার্থী।
কমেন্ট বক্স