বাথরুমের রেলিং কেটে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি
- আপলোড তারিখঃ
২৪-০২-২০২০
ইং
জীবননগরে বিজিবি সদস্যের বাড়িতে মধ্যরাতে চোরচক্রের হানা
জীবননগর অফিস:
জীবননগর পিয়ারাতলা পশ্চিমপাড়ায় এক বিজিবি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে চোরচক্রের সদস্যরা বাথরুমের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে নগদ ২ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৃহকর্তা আবু হানিফ জানান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নে তিনি চাকরি করেন। গত এক সপ্তাহ আগে নির্মাণাধীন বাড়ির কাজের জন্য তিনি জীবননগর লক্ষীপুর ব্র্যাক অফিস থেকে ৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। গত শনিবার রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে চোরচক্রের সদস্যরা বসতঘরের বাথরুমের জানালার রেলিং কেটে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় ঘরের টিনের সাব-বাক্সের তালা খুলে ভেতরে থাকা ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ ৩ হাজার টাকা লুট করে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় চোরেরা। গৃহকর্তার ধারণা, ৪-৫ জনের একদল চোর পার্শ্ববর্তী বাড়িতে থাকা মইয়ের মাধ্যমে তাঁর বাড়ির বাথরুমের রেলিং কেটে ভেতরে প্রবেশ করেছে। এ চুরির ঘটনার পর জীবননগর থানার ইন্সপেক্টর মোল্লা মোহাম্মদ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমেন্ট বক্স