চুয়াডাঙ্গায় জমি বিক্রি না করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমি বিক্রি না করায় আনারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে যুগিরহুদা দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। জখম আনারুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ভান্ডারদোয়া ভেদড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, গতকাল সকালে ছোট ছেলের সঙ্গে পাখিভ্যানযোগে সরোজগঞ্জ যাচ্ছিলেন আনারুল ইসলাম। পথের মধ্যে যুগিরহুদা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে একই এলাকার রশিদের ছেলে রানা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনারুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আনারুল ইসলাম জানান, ‘সকালে ছোট ছেলে তরিকুলের সঙ্গে পাখিভ্যানযোগে সরোজগঞ্জ যাচ্ছিলাম। পথের মধ্যে রানা আমাকে দাঁড় করিয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোতাড়ি কুপিয়ে জখম করে।’ তিনি আরও বলেন, ‘আমার একটি জমি বিক্রি নিয়ে রানা আমাকে বেশ কিছুদিন যাবৎ জোরাজুরি করছিল। আমি জমি বিক্রি করতে নারাজ থাকায় রানার সঙ্গে আমার বাগবিতণ্ডা বাধে। এরই জের ধরে রানা আমাকে কুপিয়ে জখম করেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আনারুলের মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জখম আনারুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার পরিকল্পনা চলছিল।
কমেন্ট বক্স