ব্যাপক ক্ষতির শঙ্কা, রাত জেগে পাহারায় কৃষকেরা
- আপলোড তারিখঃ
২০-০২-২০২০
ইং
দর্শনা সীমান্তে ভুট্টাখেতে ভারতীয় বন্য শূকরের উৎপাত অতিষ্ঠ কৃষকেরা
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী এলাকার ভুট্টাখেতে ভারতীয় বন্য শূকরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষকেরা। দিন ও রাতে ভারতীয় সীমান্তের তারকাঁটার নিকট অবস্থানরত ভারতীয় বন্য শূকর বাংলাদেশের দর্শনা জয়নগর ও নিমতলী সীমান্ত দিয়ে ভুট্টাখেতে প্রবেশ করছে। প্রবেশের পর ভুট্টা খেয়ে ও কেটে নষ্ট করে দিচ্ছে। এতে ভুট্টাচাষিরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। ক্ষতি ঠেকাতে দিনে ও রাত জেগে কৃষকদের দিতে হচ্ছে পাহারা। গত মঙ্গলবার সকালে জয়নগর মাঠে ভুট্টাখেত পাহারা দেওয়ার সময় একটি বন্য শূকরকে পিটিয়ে হত্যা করেছেন কৃষকেরা।
ভুট্টাচাষি তকবুল হোসেন জানান, ‘১৫ দিন ধরে রাতে ভারতীয় সীমান্ত দিয়ে বন্য শূকর এসে জয়নগর ও নিমতলী সীমান্তবর্তী মাঠে প্রবেশ করে ভুট্টাখেত নষ্ট করছে। উপায় না পেয়ে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। এর মধ্যে ক্ষতি হয়েছে ইশ্বরচন্দ্রপুরের জাহিদুলের ১০ কাঠা জমি, জয়নগরের আশাদুল ইসলামের ১ বিঘা, আমার নিজের ২ বিঘা ১০ কাঠা জমি, শ্যামপুরের সাংবাদিক ইকরামুল হক পিপুলের ১০ কাঠা জমি ও ছাত্তার বিশ্বাসের ১ বিঘা ৫ কাঠা জমির ভুট্টাখেত।’
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা কাজী ইয়াসির আরাফাত জানান, ‘কৃষকেরা আমাকে বলেছে যে ভারতীয় সীমান্ত থেকে বন্য শূকর বাংলাদেশে এসে জয়নগর ও নিমতলী সীমান্তবর্তী মাঠে প্রবেশ করে ভুট্টার খেত নষ্ট করছে। আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি। আমার ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি আমি।’
কমেন্ট বক্স