রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পবিত্র ওরস শরিফে যোগ দিতে বিশেষ ট্রেনে ভারতে যাবে দুই সহস্রাধিক বাংলাদেশি

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২০ ইং
পবিত্র ওরস শরিফে যোগ দিতে বিশেষ ট্রেনে ভারতে যাবে দুই সহস্রাধিক বাংলাদেশি
দর্শনা অফিস: ভারতের স্পেশাল ট্রেনযোগে রাজবাড়ী থেকে মেদিনীপুরের ওরসে যাবে বাংলাদেশি যাত্রীরা। গতকাল শনিবার সকাল ১০টার সময় ভারতের স্পেশাল ট্রেনটি যাত্রা শুরুর পর নদীয়া জেলার গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌঁছায়। দর্শনা আন্তর্জাতিক স্টেশনে ইমিগ্রেশন শেষে দুপুর ১২টার দিকে স্পেশাল ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। এরপর রাত ১০টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ের সরবরাহকৃত ২৪টি বগি-সংবলিত ওরসে যাওয়া স্পেশাল ট্রেনটি ১ হাজার ২২০ জন পুরুষ, ৯৩৩ জন নারী ও ১১০ জন শিশুসহ মোট ২ হাজার ৩২৩ জন ওরসে যাওয়ার পাসপোর্টধারী যাত্রী নিয়ে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌঁছায়। দর্শনা আন্তর্জাতিক স্টেশনে ইমিগ্রেশন শেষে আজ দুপুর ১২টার দিকে ভারতের মেদিনীপুরের উদ্দেশে ট্রেনটি যাত্রা করবে। এরপর ওরস শেষে আগামী বুধবার রাতে ট্রেনটি দর্শনা হয়ে রাজবাড়ী ফিরে আসবে বলে জানা যায়। জানা গেছে, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ওরস যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশিদের জন্য স্পেশাল ট্রেনটি চালুর ব্যবস্থা করে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ বছর ধরে ওরস যাত্রীদের জন্য রাজবাড়ী থেকে ওই স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৯তম বার্ষিক পবিত্র ওরস শরিফে যোগ দেবেন অসংখ্য আশেকান, ভক্ত ও অনুসারীরা। আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী জানান, সোমবার দিবাগত রাতে মেদিনীপুরের জোড়া মসজিদে নূর নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৩৩তম ও গাউস-উল-আযম হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ২৩তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (রহ.) মশহুর নাম ‘মওলাপাক’-এর এই ১১৯তম বার্ষিক ওরস শরীফ উদ্যাপিত হবে। আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদেরী খোকন জানান, ‘প্রতিবছরের ন্যায় এবারও ভারতের মেদনীপুর জোড়া মসজিদের ওরস উপলক্ষে রাজবাড়ী থেকে মেদনীপুর যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ২হাজার ৩২৩ জন যাত্রী নিয়ে ট্রেন ছেড়ে যাবে। ওরস যাত্রী বহনের জন্য আমরা বাংলাদেশ রেলওয়ের কাছে আবেদন করি। ২৪টি বগি-সংবলিত ট্রেন পরিচালনা করার জন্য আমাদেরকে অবগত করা হয়।’ তিনি আরও জানান, প্রথমে ৯২ লক্ষ টাকা চাওয়া হলেও মাত্র ৫ লক্ষাধিক টাকায় ভারত থেকে ২৪টি বগি-সংবলিত ওই স্পেসাল ট্রেনটি ওরস যাত্রীদের ভারতে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স