রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, দুই শিক্ষক বহিষ্কার

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২০ ইং
এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, দুই শিক্ষক বহিষ্কার
ভ্রাম্যমাণ/ মুন্সিগঞ্জ, প্রতিবেদক: ২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনেই আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ে আটজন পরীক্ষাথীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, পরীক্ষা-সংশ্লিষ্টদের দায়িত্বহীনতায় এ ঘটনা ঘটেছে। এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবারই এসএসসি পরীক্ষার হলে দায়িত্বরত দুই শিক্ষককে বহিষ্কার করেন কেন্দ্র সচিব আতিয়ার রহমান। জানা গেছে, সারা দেশের ন্যায় গত সোমবার আলমডাঙ্গা উপজেলায় মুন্সিগঞ্জ একাডেমিক মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২০-এর প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমিক মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। মুন্সিগঞ্জ একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫৩ জন ও বালিকা বিদ্যালয়ে ৩০৭ জন মোট ৬৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৬০ জন পরীক্ষার্থীর মধ্যে মুন্সিগঞ্জ একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ১০৭ নম্বর কক্ষে ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। ওই কক্ষের অনুষ্ঠিত পরীক্ষায় দায়িত্ব পালন করেন জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিমুল ইসলাম ও ঘোলদাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুর রহমান। এ সময় তাঁরা দায়িত্বহীনভাবে নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ পরীক্ষার্থী ও বটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ পরীক্ষার্থীকে ২০১৮ সালের প্রশ্নপত্র প্রদান করেন। প্রশ্নপত্রে গড়মিল মনে হওয়ায় পরীক্ষার্থীরা শিক্ষকদের বিষয়টি জানায়। শিক্ষকদের বিষয়টি জানানোর প্রায় ১৫ মিনিট পর প্রশ্ন পরিবর্তন না করে শিক্ষকেরা ২০১৮ সালের ওই প্রশ্নেই পরীক্ষা দিতে নির্দেশ দেন পরীক্ষার্থীদের। এ খবরটি মুন্সিগঞ্জের পরীক্ষা কেন্দ্রের সচিব আতিয়ার রহমানের নিকট পৌঁছালে তিনি দায়িত্বহীনতার কারণে ওই কক্ষে দায়িত্বরত জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিমুল ইসলাম ও ঘোলদাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুর রহমানকে বহিস্কার করেন এবং দায়িত্বরত শিক্ষকদের ভুলের কারণে ঘটনাটি ঘটেছে বলে জানান। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা জানায়, ‘আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে এবারের এসএসসি পরীক্ষা দিতে গেছি। আমাদেরকে দেওয়া হয় ২০১৮ সালের প্রশ্ন। এ প্রশ্ন দেখে পরীক্ষা শুরুর মুহূর্তে দায়িত্বরত শিক্ষকের নিকট অভিযোগ করি আমরা। অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তবে কেন্দ্র সচিব আতিয়ার রহমান স্যার আমাদের আশ্বাস দিয়েছেন, ভুলক্রমে ঘটে যাওয়া পরীক্ষার ব্যাপারে বোর্ডকে জানানো হয়েছে।’ মুন্সিগঞ্জ একাডেমি বিদ্যালয়ের কেন্দ্র সচিব আতিয়ার রহমান জানান,‘ ঘটনাটি আমি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। নির্বাহী কর্মকর্তা যশোর বোর্ডে কথা বলেছেন। বোর্ড কতৃপক্ষ এ বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান,‘ ভুল প্রশ্নের ব্যাপারে বোর্ডে কথা বলা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবে বলে জানিয়েছে।’


কমেন্ট বক্স