মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক:
যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গায় বিগত বছরের ধারাবাহিকতায় এবারো দিবসটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০ ফেব্রুয়ারি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাংলা বর্ণমালা অঙ্কন করে সুসজ্জিত করা। এদিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে সুনির্দিষ্ট নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরী, সকল প্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালন, কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১টায় সরকারি কলেজ মুক্তমঞ্চে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু একাডেমির আয়োজনে শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, বাদ যোহর জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত প্রার্থনা এবং ২১ ফেব্রুয়ারি বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিনদিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হবে।
সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, সহকারি পুলিশ সুপার আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সাহানুর সাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, অরিন্দমের নাট্য সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা ও সংগঠনের প্রতিনিধিরা।
এসময় জেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় প্রটোকল অনুযায়ী শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ পথ ও বাহির পথ দিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘পৃথবীতে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি এখন সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। তাই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করতে হবে এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, গত বছরের মতো এবারও চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে আরো সুন্দর এবং জনসম্পৃক্ততা বাড়ানো যায় এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।
সমীকরণ প্রতিবেদন