সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৃষ্টি না হলেও রাস্তায় জমে হাঁটু পানি!

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২০ ইং
বৃষ্টি না হলেও রাস্তায় জমে হাঁটু পানি!
জাহিদ বাবু: বৃষ্টি না হলেও রাস্তায় জমে থাকে হাঁটু পানি। রাস্তার পাশের ড্রেনের ময়লা-আবর্জনাভর্তি পানি রাস্তার ওপর জমে থাকায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস পাড়ার রাস্তায় জমে আছে দুর্গন্ধযুক্ত পানি। যার ফলে এ রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। জীবননগর সরকারি মহিলা কলেজের ছাত্রী রেশমা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমি প্রতিদিন সকালে পোস্ট অফিস পাড়া দিয়ে প্রাইভেট পড়তে ও কলেজে যাই। কিন্তু রাস্তার ওপর জমা ময়লা পানির গন্ধে যাতায়াত করতে চরম বিপাকে পড়তে হয়।’ একই অভিযোগ করেন জীবননগর শাপলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সিজান। নাম প্রকাশ না করার শর্তে ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘পৌরসভার সব জাগায় কাজ হলেও আমরা ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার বাসিন্দারা সব সময় অবহেলিত। এই ড্রেনটি গত বছরে ভরে গেছে। পৌর কাউন্সিলর এবং মেয়রকে বলা সত্ত্বেও কোনো ফল হয়নি। যার ফলে আমরা চরম বিপাকে আছি। এখন বৃষ্টি নেই, তারপরও মনে হচ্ছে, এখানে বৃষ্টি হয়েছে। রাস্তায় হাঁটু পানি জমে আছে।’ জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম রাজা বলেন, ‘পোস্ট অফিস পাড়ায় অনেক দিন যাবৎ ড্রেন পরিষ্কার না করায় ড্রেনের পানি রাস্তায় উঠে পড়েছে। ড্রেন পরিষ্কারের বিষয়ে আমি পৌরসভার মাসিক আলোচনা সভায় বলেছি, কিন্তু কোনো ফল হয়নি।’ এ বিষয়ে জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ায় ড্রেন পরিষ্কার না করায় রাস্তার ওপরে পানি জমে আছে। খুব শিগগিরই ড্রেনটা পরিষ্কার করার ব্যবস্থা করা হবে।


কমেন্ট বক্স