যুবতীকে উত্ত্যক্ত, হামলায় যুবক রক্তাক্ত জখম
- আপলোড তারিখঃ
২৬-০১-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগর বাঁকা আশতলাপাড়ায় এক যুবতীকে উত্ত্যক্ত করার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঁকা ব্রিক্স ফিল্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। হামলার শিকার যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, জীবননগর বাঁকা আশতলাপাড়া গ্রামের এক যুবতীকে (১৮) মোবাইল ফোনে প্রেম নিবেদনের নামে উত্ত্যক্ত করে আসছিলেন অজ্ঞাতনামা ওই যুবক। এ ঘটনার বেশ কয়েকদিন পর মেয়েটি তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর গতকাল দুপুরে একই গ্রামের মোশারেফের ছেলে আজাদ ওই অজ্ঞাননামা যুবককে (২০) ডেকে আনেন এবং তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঁকা আশতলাপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে নাইম (২০), আব্দুর রাজ্জাকের ছেলে আমান ও আশাদুল হকের ছেলে সোহাগ সংঘবদ্ধভাবে তাঁকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় এলাকাবাসী আহত যুবককে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উত্ত্যক্তকারী আহত ওই যুককের নাম রাজন।
কমেন্ট বক্স