সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদের প্রচারপত্র বিলি

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাসদের প্রচারপত্র বিলি
সমীকরণ প্রতিবেদন: অব্যবস্থাপনা, অনাচার, অর্থপাচার, লুণ্ঠন, নারী নির্যাতন প্রতিরোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সারা দেশে গণবিক্ষোভ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করেছে বাংলাদেশ জাসদ। গতকাল শনিবার সকালে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা শহরে তাদের প্রচারপত্র বিলি করে। প্রচারপত্র বিলির সময় দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের দেশ এক গভীর সমস্যা সংকুল সময় অতিক্রম করছে। দেশ পরিচালনায় ১৪ দলের সরকার থাকলেও ২০১৯ সাল থেকে ১৪ দলের সরকার শুধুমাত্র দলীয় সরকারে পরিণত হয়েছে। দেশে বিভিন্ন ক্ষেত্রে চরম অরাজকতা চলছে। দুর্নীতি আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্র ও সমাজকে দুর্নীতি গ্রাস করেছে। সরকারের বিভিন্ন স্তরে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে। দলবাজি আর দখলবাজিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রশাসনে কোনো জবাবদিহিতা নেই, পুলিশ প্রশাসনে দলবাজি, চাকরিতে নিয়োগ বাণিজ্য, ব্যবসা ক্ষেত্রে দলীয় সিন্ডিকেট, থানায় মামলা দাখিলেও রাজনৈতিক প্রভাব। কৃষককে ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ে চলছে তেলেসমাতি কারবার। রাজাকারদের তালিকা তৈরি নিয়ে তামাসা, মন্ত্রীদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও কার্যকলাপের ফলে কায়েমী স্বার্থবাদী ছাড়া সবাই আজ অসহায় বোধ করছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনের সদস্যবৃন্দ দেশের রাজনীতি তথা গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় লিপ্ত। গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে তাঁদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’ দলের এ কেন্দ্রীয় নেতা বলেন, ‘জনগণের স্বার্থে এ অচল রাজনীতির ফাঁদ থেকে দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করার সব চক্রান্ত ছিন্ন করে গণমানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, সব প্রকার অবিচার ও বৈষম্যের অবসানকল্পে একটি জনকল্যাণমুখী আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিদ্যমান রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক নৈরাজ্য, লুটপাট, নিরাপত্তাহীনতা ও অবিচারের বিরুদ্ধে আসুন আমরা জাগ্রত হই।’ প্রচারপত্র বিলির সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জাসদ নেতা মাহাবুব হোসেন, হামিদুল হক মুক্তি, নিয়াজ উদ্দিন ও মফিদুল ইসলাম ডাবলু।


কমেন্ট বক্স