ভাংবাড়িয়া স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে মামলা
- আপলোড তারিখঃ
০৯-০৮-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সস্পন্ন হলেও সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন বিধি মোতাবেক গত ২৫ জুন ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচিত আট সদস্যদের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে দুজন প্রার্থী চারটি করে সমানসংখ্যক ভোট পান। এতে থমকে যায় সভাপতি নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া। এ নিয়ে বিপাকে পড়েন প্রিসাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী। শেষ পর্যন্ত লটারি করে একজনকে সভাপতি নির্বাচিত করার জন্য ২৭ জুন উপজেলা পরিষদে লটারির ড্র হওয়ার দিন ধার্য হয়। তবে একপক্ষ উপস্থিত না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে প্রিসাইডিং অফিসার ও প্রধান শিক্ষক দুজনের নাম পাঠান যশোর শিক্ষা বোর্ডে। যশোর শিক্ষা বোর্ড থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে সভাপতি করে চিঠি আসে। এ ঘটনায় অপর প্রার্থী মিজানুর রহমান বাদল আদালতে মামলা করায় আদালতে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
কমেন্ট বক্স