শরীর ভালো যাচ্ছে না খুব খারাপ: খালেদা
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমার শরীর ভালো যাচ্ছে না। শরীর খুব খারাপ। গত ২০ শে ফেব্রুয়ারির শুনানির ধার্য দিনে আদালতে আসার জন্য তৈরি ছিলেন। কারা কর্তৃপক্ষই তাকে আদালতে আনেননি। বরং অপপ্রচার করেছেন আমি ঘুমিয়ে ছিলাম। এটা কেমন কথা হলো।’ আদালতে হাজির করার পর দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল তার কাছে উঠে গিয়ে জানতে চাইলেন শরীর কেমন? এর জবাবে খালেদা জিয়া এসব কথা বলেন। সেখানে উপস্থিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে সালাম দিয়ে কথা বলা শুরু করেন। খালেদা জিয়া তখন মির্জা ফখরুলকে বলতে থাকেন, তার শরীর মোটেও ভালো যাচ্ছে না।
খালেদা জিয়ার কাছে ফখরুল জানতে চান, ‘থেরাপি ঠিকমতো দেয়া হচ্ছে কিনা।’ খালেদা জিয়া তখন মির্জা ফখরুলকে জানান, কারাগারে তাকে দেখতে চিকিৎসক এসেছিলেন। কিন্তু তার শরীর ভালো যাচ্ছে না।’ বেলা ১২টা ৩৭ মিনিটে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে কারাগার থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের অস্থায়ী ঢাকার-৯ নম্বর বিশেষ জজ আদালতের এজলাসে আনা হয়।
শুনানি শেষে খালেদা জিয়ার সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শারীরিক বিষয় নিয়ে আলাপ হয়েছে। ম্যাডাম ভালো নেই। আমরা উদ্বিগ্ন’। মির্জা ফখরুল বলেন, ‘চিকিৎসকরা তাকে যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছেন না। মাত্র একবার এসে চিকিৎসকরা তাকে দেখে গেছেন। এরপর তার রক্ত নেয়া হয়নি। ডায়বেটিসের রোগী হিসেবে তার চিকিৎসা দেয়া হচ্ছে না।’ জামিনের বিষয়ে খালেদা জিয়ার পরামর্শ কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার পরামর্শ হচ্ছে লিগ্যালি আমরা তো মুভ করছি। সরকার ইলিগ্যালি জামিন দিচ্ছে না।’ বর্তমান রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি।’
কমেন্ট বক্স