হঠাৎ আগুনে ৩ মোটরসাইকেল পুড়ে অঙ্গার
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজারে আসলাম মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকান্ডে ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে কেদারগঞ্জ বাজারের তারা মসজিদের সামনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের পরিচালক আসলাম শেখ জানান, প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরেন। এমন সময় মার্কেট মালিক তাকে মোবাইল ফোনে জানান দোকানের মধ্যে আগুন জ্বলছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে দোকানে থাকা (সার্ভিসিং চলমান) তিনটি মোটরসাইকেল এবং ভেতরে থাকা চেয়ার-টেবিল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
এ প্রসঙ্গে অগ্নি নির্বাপক টিম লিডার সৈয়দ আলী বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মোটর সার্ভিসিংয়ের দোকানে মবিল-পেট্রোল ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন জ্বলে উঠতে বেশি সময় লাগেনি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই। ফলে এই একটা দোকান ছাড়া আশপাশে আর কোথাও কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলসহ সদর থানা পুলিশের একটি দল।
কমেন্ট বক্স